কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ৪টি টেকনোলজি থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করে Production of Fuel Gas By Reacting Petrol With Water, দ্বিতীয় স্থান অধিকার করে A Magical Presentation of Electricity এবং তৃতীয় স্থান অধিকার করে To Make Jet Engine With Low Cost শীর্ষক উদ্ভাবন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (উপাধ্যক্ষ) আরিফা আক্তার, চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন এবং জনতা ইঞ্জিনিয়ারিংয়ের কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হালিম মাহমুদ ভূঁইয়া।
কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিযোগিতা আয়োজন করে।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।
নিজস্ব প্রতিবেদক