বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আস্থা রেখে একদল তরুণ-যুবক বিএনপিতে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখনের মাধ্যমে ৩০ জন তরুণ ও যুবক গতকাল শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেন। এসময় শরীফুজ্জামান শরীফ তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি এমন কাউকে দলে চাই না যারা কেবল সুবিধার আশায় আসবে। যারা সত্যিকার অর্থে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, ত্যাগী নেতাদের ছায়ায় রাজনীতি করেছে এবং বিভিন্ন কারণে বিভ্রান্ত বা চাপে ছিল, তারা আজ আবার একত্রিত হয়েছে। বিএনপিতে নতুন আসার সুযোগ নেই, তবে যারা মনে প্রাণে জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ থাকার অধিকার রয়েছে। আমি এই তরুণদের প্রবীণ নেতাকর্মীদের দ্বারা পরীক্ষা করেছি। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করবে বলেই আমি তাদের দলে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মই আগামী দিনের রাজনীতির চালিকাশক্তি। এই তরুণরা যদি আদর্শে অটল থাকে এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়, তবে বিএনপি আবারও চুয়াডাঙ্গা থেকে শক্ত অবস্থান তৈরি করবে। আজ যারা যোগ দিলেন, তারা নিজেদের এলাকা থেকে বিএনপিকে আরও শক্তিশালী করবেন। আমি চাই, আপনারা শুধু দল নয়, মানুষের ভালোবাসা অর্জন করুন এবং ত্যাগী নেতাদের সম্মান দিয়ে রাজনীতি করুন।’
যোগদানকারী তরুণদের মধ্যে রয়েছেন- শাকিল হোসেন, রতন ইসলাম, রিয়াজুল ইসলাম, মামুনার রশিদ, মো. রনি, মুন্নাফ হোসেন মুনা ও ইউপি সদস্য শাহিনুর ইসলাম। তাদের নেতৃত্বে অন্যদের একত্রিত করে বিএনপির পতাকার নিচে দাঁড় করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন। পরে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন উপস্থিত নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক