চুয়াডাঙ্গার জীবননগরে একই দিনে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। একজন গলায় ফাঁস দিয়ে, অন্যজন পান করেন কীটনাশক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ ও বেনীপুর গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে। নিহত দুই যুবক উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ার আব্দুস সালামের ছেলে হাসান আলী (১৮) ও বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন (১৯)।
পরিবারের সদস্যরা জানান, পেশায় ট্রাকচালক হাসান আলী কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে সে প্রচণ্ড রাগী ও খিটখিটে স্বভাবের হয়ে ওঠে। মাথার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসান শুক্রবার নিজ ঘরে বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় কীটনাশক পান করেন ছাব্বির। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল ছব্বির। মা টাকা না দেওয়ায় অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করে সে। পরে গ্রাম্য চিকিৎসকের কাছে নিলেও তাকে আর বাঁচানো যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগর অফিস