চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস আয়োজিত এই কর্মশালা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
ওরিয়েন্টেশন কর্মশালা য় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। এছাড়াও, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গার্লস গাইড ও স্কাউটস সদস্যবৃন্দ এবং গণমধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি। তরুণ ভলান্টিয়ারদের সক্রিয় অংশগ্রহণ এ কর্মসূচিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা সৃষ্টি না হলে এ ধরনের স্বাস্থ্য উদ্যোগ পূর্ণাঙ্গ সাফল্য পাবে না।
এছাড়াও, বক্তারা সমাজের বিভিন্ন স্তরে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে জনস্বাস্থ্য কার্যক্রমকে আরো ব্যাপকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমীকরণ প্রতিবেদক