চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে দিনব্যাপী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে ঝাপান খেলা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। খেলা দেখার জন্য আশেপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে ভিড় জমায় শত শত মানুষ। খেলাকে ঘিরে এলাকা পরিণত হয়েছিল উৎসবের আমেজে। দিনব্যাপী এ খেলার আয়োজন করে স্থানীয় গ্রামবাসীগণ।
দেখা যায়, বাদ্যের তালে তালে আর মাইকে বেজে ওঠা বাঁশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। ছোটশলুয়া গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুরা উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এ খেলা। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে এসেছে সব বয়সী নারী-পুরুষ। এ বছর ঝাপান খেলায় প্রতিযোগিতা করে ৪টি দল, যেখানে প্রথম স্থান অধিকার করা দলটির জন্য ছিল বিশেষ পুরস্কার।
খেলায় প্রতিটি দলই ৬-৮ গোখরা সাপ কাঠের চৌকির ওপর তুলে হেলিয়ে-দুলিয়ে নাচানোর দৃশ্য উপস্থাপন করে। তিতুদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহাদ আলী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতেই এ আয়োজন। আমরাও চাই এটি বহুকাল ধরে চলতে থাক। ছোটশলুয়া গ্রামের তামিম হাসান বলেন, গ্রামবাংলার ঐতিহ্য রক্ষার জন্য এবং মানুষের মধ্যে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এই সাপ খেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে।