মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আদালতের নির্দেশনা ও সহকারী কমিশনার (ভূমি)-এর তদন্ত প্রতিবেদন উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার আসাননগর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে বজলুর রশিদ আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আলমডাঙ্গা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতার বৈধ সম্পত্তির ওপর তিনি ও তার চার ভাই ও তিন বোন দীর্ঘদিন ধরে স্বত্বভোগ ও দখলে রয়েছেন। ভোগদখলীয় জমিতে বহু মূল্যবান মেহগনি, কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করে বাগান গড়ে তোলেন তারা এবং সম্পত্তি ভোগ করে আসছেন।

বজলুর রশিদ অভিযোগ করেন, গত ২০ জুন সকাল ১০টার দিকে তপশীল বর্ণিত জমি জবরদখলের উদ্দেশ্যে অভিযুক্ত ৯ জন ব্যক্তি বেআইনি শক্তি প্রদর্শন করে সেখানে হাজির হয়। তারা রামদা, কোদাল, কোড়াল, হাসুয়া ও লাঠিসোঁটা ইত্যাদি দেশীয় অস্ত্রসহ সজ্জিত অবস্থায় অনধিকার প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি নিজস্ব লোকজনসহ প্রতিরোধের চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


এ ঘটনার পর তিনি চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে ৪৯৮/২০২৫ নং মামলা দায়ের করেন। আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আলমডাঙ্গা থানাকে নির্দেশ দেন এবং আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জমির দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।


বজলুর রশিদ দাবি করেন, সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু তদন্ত শেষে জমিসংক্রান্ত সকল বৈধ কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষেই প্রতিবেদন প্রদান করেন। তবুও অভিযুক্তরা আদালতের নির্দেশ ও প্রশাসনিক সিদ্ধান্ত মানতে নারাজ। তারা জমির কাছে গেলেই প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


এছাড়া তিনি জানান, থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের জমিতে অনধিকার প্রবেশ না করার নোটিশ দেওয়া হয়। কিন্তু এরপরও তারা একের পর এক বসতবাড়ির চারপাশসহ তপশীল বর্ণিত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে। এমনকি অকথ্য ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও শারীরিক ক্ষতিরও হুমকি দিচ্ছে বলে দাবি করেন বজলুর রশিদ। তিনি ও তার পরিবার বর্তমানে সার্বক্ষণিক ভীত ও আতঙ্কিত অবস্থায় রয়েছেন।


বজলুর রশিদ অভিযোগ করেন, বারবার থানায় জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং ‘অজ্ঞাত শক্তির ইশারায়’ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে অনীহা প্রকাশ করা হচ্ছে। আদালতের নির্দেশ অমান্য ও পুলিশি হস্তক্ষেপের অভাবের কারণে জুডিশিয়াল বা ম্যাজিস্ট্রেট আদালতেও কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি)- এর দাখিলকৃত দখল প্রতিবেদন তাদের অনুকূলে রয়েছে এবং তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা কয়েকবার ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি। যেহেতু আদালতে মামলা চলমান, তাই আইনানুগভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবুও অভিযোগ তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী