আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামে বিয়ে বাড়িতে অতিথি হিসেবে গিয়ে চোরচক্রের ফাঁদে পড়েছে বরযাত্রীরা। খাবার খেতে বসার সময় উধাও হয়ে গেছে তাদের দুটি মোটরসাইকেল। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেল চারটার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত আজু মিয়ার ছেলে রিকন এবং আব্দুল হান্নানের ছেলে নিরব ইয়ামাহা এফজেডএস ও ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল নিয়ে ভোগাইল বগাদি গ্রামে বরযাত্রী গিয়েছিলেন। বিয়ে বাড়ির পাশে মাটির রাস্তায় পার্ক করে সবাই মিলে খাবার খেতে বসেন তারা। কিন্তু খাবার শেষ করে ফিরে এসে দেখেন মোটরসাইকেল দুটি আর নেই। এ ঘটনায় বরযাত্রীসহ স্বজনরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। এতে বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই অস্বস্তি ও আতঙ্কে পরিণত হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করছি খুব শিগগিরই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’ স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ যদি এ চক্রকে দ্রুত আটক করতে না পারে, তবে মানুষের নিরাপত্তা নিয়ে আরও শঙ্কা তৈরি হবে।
নিজস্ব প্রতিবেদক