মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএডিসি কর্মকর্তাকে মারধর মামলার রায়

আসামি আজাদকে ৪ বছরের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিএডিসি কর্মকর্তাকে মারধর মামলার রায়

চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে মারধরের মামলায় আজাদ মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আজাদ মণ্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের মহর আলীর ছেলে।


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়ে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির কাছ থেকে আদায় করা অর্থ ভিকটিমের চিকিৎসা ব্যয়ে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।’ 


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ নভেম্বর জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারে দায়িত্ব পালন করছিলেন বিএডিসির উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান। ওইদিন তিনি খামারের জমি থেকে খড়-গোবর ও কাঠ সরিয়ে নিতে বলেন কয়েকজন দৈনিক শ্রমিককে। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন আজাদ মণ্ডল ও তার সহযোগীরা।


একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় খামারের তৎকালীন উপপরিচালক কামাল উদ্দীন মোল্লা ২০২২ সালের ১৪ নভেম্বর জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান পিবিআই ঝিনাইদহের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তদন্ত শেষে তিনি ২০২৪ সালের ২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজাদ মণ্ডলকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩৩৩ ধারা অনুযায়ী শাস্তি দেন।


এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ পারভেজ বলেন, ‘আদালতের রায়ে আজাদ মণ্ডলের চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড না দিলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কর্মকর্তা মিজানুর রহমানের চিকিৎসা ব্যয় বাবদ দণ্ডিত ব্যক্তির কাছ থেকে আদায় করা অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে-রায়ে তা উল্লেখ রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী