পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের দাবিতে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল ও পিকাপ নিয়ে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে শোডাউন করেন।
শোডাউনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজীব বলেন, বিশ্বের ১৭১টি দেশের মধ্যে ৯১টি দেশে পিআর পদ্ধতি আছে। বিশ্বের উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে। আমরা চাই বাংলাদেশও পিআর পদ্ধতির মাধ্যমে এবারের জাতীয় নির্বাচন সম্পন্ন হোক।
তিনি আরও বলেন, মানুষ ৫ আগস্টে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশে আমরা বিগত দিনের মত নির্বাচন চাই না। বাংলাদেশর মানুষ এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এজন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামিক সব দল বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। আমাদের গত ১৮ তারিখে ঢাকাতে সমাবেশ হয়েছে, ১৯ তারিখে বিভাগীয় সমাবেশ হয়েছে এবং ২৬ তারিখে প্রতিটা জেলায় জেলায় এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলন চলছে এবং চলবে।
শোডাউনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সহসভাপতি মওলানা জহুরুল ইসলাম আজাদীসহ দলের সহস্র নেতাকর্মীবৃন্দ।
শোডাউনটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে দামুড়হুদা, দর্শনা হয়ে জীবননগর, হাসাদাহ, আন্দুলবাড়ীয়া, গড়াইটুপি ইউনিয়ন অতিক্রম করে সরোজগঞ্জে পৌঁছায়। পরে সরোজগঞ্জ হতে আলমডাঙ্গায় গিয়ে নামাজ ও খাবারের বিরতি নেওয়া হয়। বিরতি শেষে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া রোড হয়ে আসমানখালী ঘুরে চুয়াডাঙ্গা সদরে এসে শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক