দামুড়হুদায় একসাথে তিনটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে তিনি ডিসি ইকোপার্কে নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। তারা মনে করেন, ইকোপার্কে ভ্রমণকারীরাও এখন থেকে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
এর আগে জেলা প্রশাসক ডিসি ইকোপার্কের বটতলী বিলে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, এতে এলাকার মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া বিকেলে কার্পাসডাঙ্গার পূর্বপাড়ায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন শিশুপার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বক্তারা আশা প্রকাশ করেন, এই পার্কটি শিশুদের বিনোদন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক কুড়ুলগাছি