চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলকে পরাজিত করে জামায়েত ইসলামী প্যানেল জয়ী হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণের কার্যক্রম। ৪২০ জন ভোটার নিয়ে অভিভাবক সদস্য পদে লড়াই করেন ১০ জন পদপ্রার্থী।
মাদ্রাসার প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকেরা দুই ক্যাটাগরির ভোটার হিসেবে অংশগ্রহণ করে। নির্বাচনে সর্বোচ্চ ১৩৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামী সমর্থক রেপন মিয়া। এছাড়া একই প্যানেলের চেয়ার মার্কায় ১৩৩টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে নজরুল ইসলাম, মোরগ মার্কায় মুক্তার হোসেন পেয়েছেন ১৩১টি ভোট। আনারস মার্কায় জাকির হোসেন পেয়েছে ১২৭টি ভোট, দেয়ালঘড়ি মার্কায় সাইফুল ইসলাম ভোট পেয়েছে ১১৯টি এবং ছাতা মার্কায় ১২৩টি ভোট পেয়েছে হাফিজুর মন্ডল।
এছাড়াও মহিলা অভিভাবক সদস্য টিউবওয়েল মার্কা নিয়ে ১৭৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলেয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাগোরী খাতুন কলস মার্কায় পেয়েছেন ১৫৫ ভোট। এছাড়া ইবতেদায়ী বিভাগে সদস্য হিসেবে সাদেক আলী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মই মার্কায় আলী আহম্মেদ ২৮ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে, নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়ের পর দর্শনা থানা জামায়াতের আমির রেজাউল করিম উপস্থিত হয়ে স্থানীয় জামায়াত ইসলামের নেতা-কর্মীদের সাথে নিয়ে শোকরানা সিজদাহ আদায় করেন।