নরসিংদীতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দর্শনা প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যা ৭টায় দর্শনা প্রেসক্লাব ভবনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।
বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে নরসিংদী সদর হাসপাতালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক আইয়ুব খান সরকার। সকাল সাড়ে ১০টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউমের সমর্থকরা তার ওপর অতর্কিতে হামলা চালায়। লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধরের ফলে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে আজ সন্ধ্যার সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদ হাসান রনি, আব্দুল হান্নান, রিফাত রহমান, শ্রী শুকমল বাধন, ওয়াসিম রয়েল, রাজিব আহম্মেদ, সাব্বির আলিম প্রমুখ।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সারা দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
দর্শনা অফিস