জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোসপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েতে চলেছে সিংনগর গ্রামের ব্রিজ। চারপাশে ফাটলও দেখা দিয়েছে। বর্তমানে শুধুমাত্র পায়ে হেঁটে ও দুই চাকার যানবাহন নিয়ে চলাচল করছে মানুষ। ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি। এ অবস্থার জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ী করেছেন এলাকাবাসী। সংস্কারে দাবিতে শুক্রবার সকাল ৮টায় মানববন্ধন করেন গ্রামের সাধারণ মানুষ।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ‘এই ব্রিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর দিয়ে শুধু সিংনগর নয়, আশেপাশের ৮ থেকে ১০ গ্রামের মানুষ যাতায়াত করে। ব্রিজ ভেঙে যাওয়ায় হাজারো মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। কৃষকরা ফসল নিয়ে দর্শনা ও আশপাশে যেতে পারছে না। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, ব্যবসায়ীরা মালামাল আনানেওয়া করতে পারছে না।”
তিনি আরও অভিযোগ করেন, ‘সিংনগর বাঁওড় কর্তৃপক্ষ নিজেদের মতো করে বাঁধ খুলে দেওয়ায় পানির স্রোতের চাপেই ব্রিজগুলো ধসে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি-বাঁওড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ক্ষতিপূরণ দেওয়ার।’
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মামুন হোসেন বলেন, ‘কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে বাঁওড় কর্তৃপক্ষ। এতে ব্রিজ ভেঙে যাওয়ার পাশাপাশি রাস্তা ধসে পড়েছে, অনেক বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।’ আরেক গ্রামবাসী মিরাজ হোসেন বলেন, ‘বাঁওড় কর্তৃপক্ষ শুধু নিজেদের লাভের চিন্তা করে। ইচ্ছামতো বাঁধ দেয়, আবার খুলে দেয়। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তাদের কোনো ভাবনা নেই।’
মানববন্ধনে অংশ নেন সিংনগর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। প্রায় ভেঙে যাওয়া ব্রিজ ও রাস্তার কারণে তারা সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানান।
প্রতিবেদক উথলী