আকিমুল ইসলাম, প্রতিবেদক,তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন আজ (শুক্রবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দুটি প্যানেল অংশ নিচ্ছে।
৪২০ জন অভিভাবক ভোটার নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে মাদ্রাসার আশপাশের রাস্তা ও দোকানপাট রঙিন পোস্টারে ছেয়ে গেছে। সকাল ১১টার মধ্যে মোট ভোটের প্রায় ২৩ শতাংশ পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
দর্শনা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন বলেন, “ভোটাররা যদি ভোট সঠিকভাবে দেন এবং কোনো ভোট নষ্ট না হয়, তবে আমাদের বিএনপি সমর্থিত প্যানেলের জয় নিশ্চিত।”
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের দর্শনা থানা আমির রেজাউল করিম বলেন, “আমরা ইনসাফের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করেছি। যদি বিনা অর্থে শুধুই ভালোবাসার টানে ভোটাররা আমাদের ডাকে সাড়া দেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইতিমধ্যে আমরা ভোটারদের কাছ থেকে সর্বোচ্চ সাড়া পাচ্ছি।”
বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শেষে জানা যাবে কোন প্যানেল বিজয়ী হয়।