চুয়াডাঙ্গায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড়বাজার (নিচের বাজার) ও আলুকদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি পণ্য তদারকি করা হয়। অভিযানকালে বড়বাজার এলাকার মাছ ও মাংস ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ, সঠিক ওজনে মাছ-মাংস ক্রয়-বিক্রয় এবং লেনদেনের রসিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, আলুকদিয়া এলাকায় একাধিক বেকারির কার্যক্রম তদারকির সময় দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৩৭ ধারা অনুযায়ী সাহিনুর ইসলামের মালিকানাধীন একটি বেকারিকে ১০ হাজার টাকা এবং রুহুল আমিনের মেসার্স আমেনা পল্লী অ্যান্ড ইত্যাদি স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যক্রম পরিচালনা এবং বিদ্যমান ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, ‘ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই আমরা এ অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
নিজস্ব প্রতিবেদক