রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পাইলট হাইস্কুলে ‘মিট দ্য স্টুডেন্টসে’ জেলা প্রশাসক জহিরুল ইসলাম

শিক্ষার্থীদের সমাজ সম্পর্কে সচেতন ও প্রতিবাদ করা শিখতে হবে
  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
জীবননগর পাইলট হাইস্কুলে ‘মিট দ্য স্টুডেন্টসে’ জেলা প্রশাসক জহিরুল ইসলাম

জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহকে না বলি’ বিষয়ের ওপর ‘মিট দ্য স্টুডেন্টস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে নিজের, পরিবার এবং সমাজ সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিবাদ করা শিখতে হবে। কোনো শিক্ষার্থীকে যদি বখাটে ছেলেরা উৎপাত করে, তাহলে পুলিশকে জানালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি আরও বলেন, ‘তোমরা নিয়মিত বিদ্যালয় আসা-যাওয়া করবে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। বাল্যবিবাহকে এড়িয়ে চলবে। কোনো বখাটে, চাঁদাবাজ, নেশাখোর,  ইভটিজার এবং কিশোরগ্যাংদের এ অঞ্চলে থাকতে দেওয়া হবে না, সে যত বড় ধরনের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এছাড়া তিনি বিদ্যালয়ের হল রুম, গ্যারেজ রুম সহ স্কুলের মাঠ সংস্কারের আশ্বাস প্রদান করেন।



স্বাগত বক্তব্যে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘আমাদের এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তবে পর্যাপ্ত ভবন নেই। ছাত্র-ছাত্রীদের জন্য কোনো বিশ্রামাগার নেই, সাইকেল রাখার জন্য কোনো গ্যারেজের সুব্যবস্থা নেই। এছাড়াও স্কুলের মাঠের অবস্থা খুবই করুণ, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি এ বিষয়গুলো দেখার জন্য। আমাদের বিদ্যালয় সরকারি হওয়ার জন্য যেসব বিষয়াদি দরকার, সেগুলো সব পূরণ করা হয়েছে। তবে আমাদের বিদ্যালয় সরকারি হয়নি। এ বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ করছি।’


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ও জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত