চুয়াডাঙ্গার দর্শনা ডুগডুগি পশুহাট থেকে জেলা কারাগার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি দেড় বছরের মধ্যে ১২ বার সংস্কার করা হলেও এখনো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানা-খন্দ ও উঁচু-নিচু ডিব্বিতে ভরা এ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের অল্প কিছুদিনের মধ্যে প্রায় ৮৭টি স্থানে ফুলে উঠে ডিব্বি তৈরি হয়। পরে সেগুলো খুঁড়ে পিচ ও পাথর দিয়ে মেরামত করা হয়। এরপর থেকে একের পর এক প্রায় ২০০-৩০০ জায়গায় একইভাবে সংস্কার করা হলেও সমস্যা থেকে যায়। বর্তমানে এক কিলোমিটারের মধ্যেই ১০০-১৫০টি ডিব্বি ও খানা-খন্দ চোখে পড়ে।
গতকাল মঙ্গলবার জয়রামপুর মজা পুকুরের কাছে আবারও খোঁড়াখুঁড়ি করে মেরামত কাজ চালাতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, মানসম্মত কাজ না হওয়ায় বারবার মেরামত করেও স্থায়ী সমাধান হচ্ছে না।
এদিকে, দর্শনার হঠাৎপাড়া থেকে লোকনাথপুর পর্যন্ত সড়কটিও দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা ছিল। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল এ সড়কে। দৈনিক সময়ের সমীকরণ-এ দুই দফায় সংবাদ প্রকাশের পর অবশেষে সড়ক ও জনপদ বিভাগ সেখানে সংস্কারকাজ শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে চলা এ সংস্কারের ফলে স্থানীয়রা কিছুটা স্বস্তি পেয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একদিকে যেমন ডুগডুগি পশুহাট থেকে জেলা কারাগার পর্যন্ত মহাসড়কটি বারবার সংস্কার করেও দুর্ভোগের অবসান হচ্ছে না, অন্যদিকে হঠাৎপাড়া থেকে লোকনাথপুর পর্যন্ত সড়কটি সংবাদ প্রকাশের পরই সংস্কার শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে, সড়ক মেরামতে আসলেই যথাযথ পরিকল্পনা আছে কি না।
দর্শনা অফিস