দর্শনা অফিস/প্রতিবেদক, কুড়ুলগাছি:
চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতারক চক্র এতিম শিশু আকাশের একমাত্র জীবিকার মাধ্যম ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। আকাশ (১৩) দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের মৃত আরাফাত মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আকাশের পরিবারে মা-সহ চারজন সদস্য রয়েছে। সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিল এই ভ্যান। সেটিও প্রতারণার ফাঁদে হারিয়ে যাওয়ায় পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে।
আকাশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে ছিল। এসময় তিনজন লোক তাকে দর্শনা যাওয়ার কথা বলে ভাড়া নেয়। দর্শনা জনতা ব্যাংকের সামনে পৌঁছালে দুজন তাকে বাজারের ভেতরে নিয়ে যায় এবং একজন ভ্যানের কাছে থাকে। কিছুক্ষণ পর তারা সবাই অদৃশ্য হয়ে যায়। ফিরে এসে আকাশ দেখে, তার ভ্যানটি নেই।
ঘটনার পর আকাশ ও তার পরিবার ভেঙে পড়েছে। আকাশের মা বলেন, ‘আমার ছেলের ভ্যান কারা নিয়ে গেল? এখন আমরা সংসার চালাবো কীভাবে?’ স্থানীয়রা জানান, দর্শনা এলাকায় গত কয়েক মাস ধরে চুরি বেড়েছে। বাড়িতে তালা ভেঙে, দোকানে ঢুকে কিংবা রাস্তাঘাটে দাঁড় করানো ভ্যান, ইজিবাইক, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘চুরির খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
দর্শনা অফিস