আলমডাঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইলহাঁস গ্রামের মধুর ছেলে অন্তু (২০) ও তার কয়েকজন বন্ধুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অন্তু সরোজগঞ্জ বাজারের একটি হোটেলে কাজ করে। স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে সে নিয়মিত উত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। কিন্তু মাত্র ১৩ বছরের ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে অন্তু ক্ষিপ্ত হয়। গত ৭ সেপ্টেম্বর দুপুরে স্কুল গেট থেকে অন্তু ও তার সহযোগীরা জোরপূর্বক অটোরিকশায় তুলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
পথচারীরা ঘটনাটি দেখে স্থানীয়দের জানালে অন্তুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে তারা গা-ঢাকা দেয়। এরপর গোপনে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ভিকটিমের পরিবার চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের সহায়তা নেয়। মানবতা ফাউন্ডেশনের আইনি সহায়তায় গতকাল রোববার ভিকটিমের পিতা চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান। এসময় মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকারসহ সংগঠনের মানবাধিকার সেল, লিগ্যাল এইড সেল ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা অফিস