দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কে ভ্যানকে ধাক্কা দিয়ে ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রোববার বেলা দেড়টার দিকে দর্শনা রেলগেট এলাকায়। জানা যায়, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সহকারী অফিসার আশিকুজ্জামান (৫৯) ব্যাংক থেকে ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে মাইক্রোবাসে দর্শনা যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি একটি ভ্যানকে ধাক্কা দিলে দুজন ভ্যানচালক গুরুতর আহত হন। পরে চালক ভ্যানচালক মারা গেছেন ভেবে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে আশিকুজ্জামান, মাইক্রো চালক শাহিন (৪০) ও সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য আহত হন। স্থানীয় লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশ ও দর্শনা সোনালী ব্যাংকের ম্যানেজার রিপন আলী ঘটনাস্থলে যান। তারা ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার করে ব্যাংকে জমা দেন। ব্যাংক ম্যানেজার রিপন আলী বলেন, ‘আমরা অক্ষত অবস্থায় টাকা বুঝে পেয়েছি।’ তবে দুর্ঘটনার পর মাইক্রো চালক শাহিন পালিয়ে যান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘সোনালী ব্যাংকের টাকা বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং নিরাপত্তা নিশ্চিত করেছি।’
দর্শনা অফিস