জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পর্দা উঠলো চুয়াডাঙ্গায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা তার জন্য গর্বের। খেলাধুলার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আশা প্রকাশ করেন, টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হবে এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে।’
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা। পরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দলের মধ্যকার উদ্বোধনী আকর্ষণীয় ম্যাচ উপভোগ করেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক