চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুরু হয়েছে ‘সিএইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট’। উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিৎলা রুইতনপুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মাঠজুড়ে ছিল রঙিন পতাকা, ব্যানার আর খেলাপ্রেমী জনতার উচ্ছ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক শিপলু।
সিএইচ আর নাইন ক্লাবের সভাপতি মাহাবুব হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু , আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, সিএইচ আর নাইন ক্লাবের সাধারণ সম্পাদক বেলটু রহমান, সহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়াবিদ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রথম খেলায় মুখোমুখি হয় বন্ডবিল একাদশ ও পাঁচকমলাপুর একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায় মাঠজুড়ে। বন্ডবিল একাদশ দুটি গোল করলেও শেষ পর্যন্ত পাঁচকমলাপুর একাদশ ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের করতালি, বাঁশি আর চিৎকারে মুখর ছিল রুইতনপুর মাঠ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেও এগুলো গুরুত্বপূর্ণ। তরুণদের মাঝে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে খেলার মাঠই হতে পারে শ্রেষ্ঠ মাধ্যম।’
আলমডাঙ্গা অফিস