জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, আন্দুলবাড়ীয়া এলাকায় রোববার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারির খাদ্যসামগ্রী তদারকি করা হয়। তদারকির সময় বেকারি পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মো. রফিকুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স এস এ ফুড প্রোডাক্টকে ৩৫ হাজার টাকা এবং বেকারি পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ও লাইসেন্স নবায়ন না করার কারণে মো. ছরোয়ার শেখের প্রতিষ্ঠান মেসার্স নুর নাহারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশেরর একটা দল। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সমীকরণ প্রতিবেদক