আলমডাঙ্গার খাসকররা ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা নেতৃত্বে কমিটির সদস্যরা কলেজে পৌঁছালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানসহ শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষক মিলনায়তনে পরিচিতি সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের সর্বাধিক মনোযোগী হতে হবে। মেয়াদকালে কলেজের অভ্যন্তরীণ ও বাহ্যিক উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। অতীতের মতো কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
পরিচিতি সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির দাতা সদস্য ও খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, হিতৈষী সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রতিষ্ঠাতা সদস্য ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সাফায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন, অভিভাবক সদস্য রিপন ও নুরুল ইসলাম। এছাড়াও শিক্ষকেরা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি তানভীর আহমেদ সোহাগ।
সমীকরণ প্রতিবেদন