চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে পৃৃথকস্থানে এই দুটি ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুর কুল্লা গ্রামের নুড়িতলা পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও মেহেরপুর শাখার এনজিও শিরোপার কর্মী শাহিন আলম (৩৫) কর্মস্থলে যাওয়ার পথে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আলম তিনি বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে কানাইডাঙ্গা গ্রামে পৌঁছালে হঠাৎ মাথায় তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
অপরদিকে, একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আরামডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে ও কার্পাসডাঙ্গা বাজারের সেলুন ব্যবসায়ী মুজাহিদ (২৪) গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় দামুড়হুদার বিভিন্ন এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনা দুটি সম্পর্কে জেনেছি। প্রাথমিকভাবে জানা গেছে দুজনেই স্ট্রোকে মারা গেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি।’
প্রতিবেদক দামুড়হুদা