চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ৯টি বাণিজ্যিক খামারে একযোগে ২০২৫-২৬ সালের আখ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আকন্দবাড়িয়া, ফুরশেদপুর, আড়িয়া, বেগমপুর, ঝাঝরি, ডিহি, হিজলগাড়ি এবং এসটিপি খামারে একযোগে রোপন মৌসুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান একযোগে সকল খামারে নিজস্ব জমিতে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরু চিনিকলের জিএম কৃষি আশরাফুল আলম ভৃইয়ার।
রাব্বিক হাসান বলেন, ‘চিনিশিল্পকে টিকিয়ে রাখতে বেশি বেশি আখ লাগাতে হবে। আমরা ইতিমধ্যে চাষীদের জন্য ভালো মানের উন্নত বীজ নিয়ে এসেছি, যাতে চাষীরা আরও লাভবান হতে পারে। এবারের মৌসুমে পাবলিক ও কেরু বাণিজ্যিক খামার মিলিয়ে ৬ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব, ফলে আগামী বছর চিনিকলটি দীর্ঘ সময় পর্যন্ত চলবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সদর দপ্তরের উপব্যবস্থাপক (সিপিসিআর) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, জিএম (প্রশাসন) ওমর আল ফারুক গালিব, ৯টি খামারের ইনচার্জ সুমন কুমার সাহা, ডিজিএম (বীজ) মো. দেলওয়ার হোসেন এবং সিপিও মাহবুবুর রহমান।
আখ রোপণ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রতিটি খামারে আলাদা আলাদাভাবে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। চলতি মৌসুমে মোট ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দর্শনা অফিস