জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের নবগঠিত এডহক (আহ্বায়ক) কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে বকুলতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক হাজী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার মির্জা হাকিবুর রহমান লিটন। তিনি নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, জেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম, ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি আজিমুল হক, এবং সাংবাদিক নারায়ণ ভৌমিক।
সভায় ব্যবসায়ীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। নবগঠিত কমিটির সদস্যরা ব্যবসায়ীদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। সভা শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় এবং ব্যবসায়ীদের কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৭০০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া