সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন

‘বিএনপির সমর্থিত’ পূর্ণ প্যানেলের জয়
  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৫ ইং
বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি বাছাইয়ের জন্য কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার পরে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যালেনকে হারিয়ে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থক কামরুজ্জামান-জাহান আলী-খালিদ পূর্ণ প্যানেল। যদিও থানা বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের নির্বাচনে বিএনপির কোনো প্যানেল ছিল না।


বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ৬ জন অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন জাহান আলী, মাছ প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন খালেদ হাসান, বাইসাইকেল প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন কামরুজ্জামান মিটন। এছাড়া হরিণ প্রতীকে সাহাবুল হক পেয়েছেন ১০১ ভোট, আম প্রতীকে ইকরামুল হক পেয়েছেন ৮৯ ভোট এবং গোলাপফুল প্রতীকে ফারুক হোসেন পেয়েছেন ৯৬ ভোট।


ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মাহবুবুর রশিদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ ও গণনা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ছিলেন ২৮১ জন। এর মধ্যে ২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কলেজ কর্তৃপক্ষ জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন।


এদিকে, নির্বাচনে ‘বিএনপি সমর্থিত’ প্যানেল জয়লাভ করায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের আনন্দ মিছিল বের করার দৃশ্য দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন টোটন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান,  সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী