বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জন্মদিনেই নিভে গেল ৬ বছরের শিশুর প্রাণ!

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
জন্মদিনেই নিভে গেল ৬ বছরের শিশুর প্রাণ!

দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে গতকাল বুধবার সকালটা ছিল অন্যরকম হওয়ার কথা। ঘরে সাজানো ছিল ছোট্ট আয়োজনে জন্মদিনের প্রস্তুতি। বাবা-মায়ের চোখে আনন্দের ঝিলিক- তাদের মেয়ে রোকসানার জন্মদিন। ছয় বছরে পা দিচ্ছে সোনামণি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- যে দিনটিতে কেক কাটা, হাসি আর খেলাধুলায় মাতোয়ারা হওয়ার কথা ছিল, সেদিনই পৃথিবী থেকে বিদায় নিলো রোকসানা খাতুন।


পরিবার সূত্রে জানা যায়, রোকসানা দুদিন ধরে জ্বরে ভুগছিল। গত মঙ্গলবার রাতে তাকে জ্বরের ওষুধ খাওয়ানোর সময় একটি ট্যাবলেট গলায় আটকে যায়। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। আতঙ্কিত পরিবার রাত ১১টার দিকে দ্রুত স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন, সব শেষ। ছোট্ট রোকসানা আর নেই। সে ধান্যঘরা গ্রামের টুটুলের দ্বিতীয় কন্যা।


রোকসানার চাচা শাওন কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘আজ (গতকাল) তার জন্মদিন ছিল। সকালের পর সবাই মিলে কেক কাটার কথা ছিল। কিন্তু সকালটা শুরু হলো কবর খুঁড়ে। জন্মদিনে মোমবাতি জ্বালানোর বদলে তাকে শুইয়ে দিতে হলো মাটির নিচে।’


গতকাল বুধবার সকাল ১০টার দিকে ধান্যঘরা কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে রোকসানার দাফন সম্পন্ন হয়। খেলাধুলায় ভরা ছোট্ট জীবনের ইতি টেনে, রোকসানা এখন শুয়ে আছে নির্জন কবরের মাটির নিচে। এ ঘটনায় গ্রামের মানুষ চোখের পানি লুকাতে পারেনি। কারো কারো মুখে একটাই প্রশ্ন- ‘এমন নিষ্ঠুর ভাগ্য কি এই ছোট্ট পরির প্রাপ্য ছিল?’


রোকসানার অকাল মৃত্যুতে ধান্যঘরা গ্রামে নেমে এসেছে গভীর শোক। জন্মদিনের আনন্দ উৎসব পরিণত হলো নিস্তব্ধতায়। হাসি-খুশি একটি শিশু নেই আর, রেখে গেছে শুধু শূন্যতা আর অশ্রু।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার