জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর মাঠে পরিবেশগত কৃষিকাজ সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সন্তোষপুর তেল পাম্পের সামনে ভাই ভাই কৃষি প্রজেক্টে পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার সরোয়ার হোসেন, মাঠ সমন্বয়কারী শাখাওয়াত হোসেন প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা বলেন, কৃষিতে পরিবেশগত সম্প্রসারণর করতে হলে কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কমিয়ে বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে। পৃথিবীতে চায়নার পরে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের কৃষিজমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফসলের জমিতে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে আমাদের কৃষি জমিগুলো প্যারালাইজড হয়ে যেতে পারে। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক উথলী