আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় ব্রিজ মোড় থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। গতকাল বুধবার সন্ধ্যার পর এ প্রচারণা চালানো হয়।
প্রচারণায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসানসহ সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
প্রচারণাকালে ধানের শীষের লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় এবং মোড়ে মোড়ে দোকান ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করা হয়। এসময় নেতারা বলেন, ‘ধানের শীষ হলো গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। জনগণ ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষে ভোট দেবেন।’
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু বলেন, ‘চুয়াডাঙ্গার জনগণ বিএনপির সাথেই আছে। আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ এই প্রতীকই হবে পরিবর্তনের প্রতীক।’ এদিকে প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সমীকরণ প্রতিবেদক