চুয়াডাঙ্গায় দেশ ক্লিনিকে অস্ত্রোপচার সাময়িক বন্ধ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের একটি টিম ক্লিনিক পরিদর্শন করে। এসময় নানা অসঙ্গতি পাওয়ায় অস্ত্রোপচারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশ ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় রোগীর পায়ুপথের নালী কেটে ফেলার অভিযোগে দুই চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ভুক্তভোগী মিনারুল ইসলামের পরিবার এ মামলা দায়ের করেন। মামলায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময়, মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, দেশ ক্লিনিকের পরিচালক হাসিবুল হক শান্ত ও ম্যানেজার ইয়াকুব আলীকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অপারেশনের ভুলের কারণে রোগীর কিডনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি এখন মারাত্মক ঝুঁকিতে আছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসার পর আমি, জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দেশ ক্লিনিকে পরিদর্শন করেছি। কিছু অসঙ্গতি পাওয়ায় অপারেশন (ওটির) কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানকে প্রধান করে একটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক