দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাকিলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে পীরপুরকুল্লা মানিকতলা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত নারী-পুরুষ উপস্থিত হয়ে আসামি শাকিলের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে পীরপুরকুল্লা গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাকিল আতিয়ারের চায়ের দোকানে প্রকাশ্যে ফজলুল হককে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে কুতুবপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে শাকিলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শাকিল একজন চিহ্নিত মাদকসেবী। তিনি পূর্বপরিকল্পিতভাবে ফজলুল হককে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। এর আগে শাকিল প্রকাশ্যে বলেছিল- “আমি এমন একজনকে কোপাবো যাতে গ্রামের সবাই ভয়ে থাকে।” সে তার সেই হুমকি কার্যকর করেছে। বক্তারা আরও বলেন, “আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাকিলের ফাঁসি হওয়া প্রয়োজন। আমরা সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।”
প্রতিবেদক কুড়ুলগাছি