টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ায় এ অভিযান চালানো হয়। এসময় নকল সন্দেহে ৮ বস্তা সার জব্দও করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আকন্দবাড়িয়ার কামরুল ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে টিএসপি সার ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০ টাকা এবং টিএসপি (বাংলা) ১৩৫০ টাকার পরিবর্তে ২৩০০ টাকায় বিক্রি করার সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুত রাখা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই দোকান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নকল সন্দেহে জব্দ করা সার পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক