চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় এক প্রবাসীকে এলোপাতাড়ি মারধর ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুমুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা যায়, ওই প্রবাসী ব্যক্তিগত গাড়ি নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে সুমুরদিয়া এলাকায় একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ফল কিনছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক দ্রুতগতিতে এসে তার গাড়ির সামনে ধাক্কা দেয়। এতে গাড়ির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। পরে ওই প্রবাসী গাড়ি ঘুরিয়ে ইজিবাইক চালককে ধরতে গেলে গাইদঘাট এলাকায় একদল লোক তাকে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় ওই প্রবাসী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আলমডাঙ্গা উপজেলার বলশাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মাহফুজ আলী (৩২), একই এলাকার মাহফুজ আলীর স্ত্রী শিখা খাতুন (২৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৪০), সদর উপজেলার গাইদঘাট গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী সিরিনা আক্তার (৪০), চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার মঞ্জু (৫০)-সহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রবাসীর অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক