চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ায় পৌরসভার পানির পাম্পের পাশ থেকে দিনের বেলায় এক পৌর কর্মচারীর মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী চুয়াডাঙ্গা পৌরসভার কর্মচারী জিয়াউর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ পাড়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে আমার লাল রঙের হোন্ডা ড্রিম মোটরসাইকেলটি (যার চেসিস নম্বর RS01JC86905H027520) নিয়ে পাম্পের মেশিন চালু করতে যায়। এসময় বাইকটি পাম্পের পাশেই রেখে যায়। তবে বেলা দুইটার দিকে ফিরে এসে দেখি মোটরসাইকেলটি নেই। অজ্ঞাত চোরেরা সেটি চুরি করে নিয়ে গেছে। আমি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছি।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। চোর ধরতে পুলিশ কাজ করছে।’
নিজস্ব প্রতিবেদক