আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম বাজারে মেয়াদোত্তীর্ণ সার ও মানহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আনন্দধাম বাজারে মুদি দোকান, জ্বালানি গ্যাস ও সার-বীজ দোকান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রয়ের জন্য বিসিআইসি সার ডিলার মো. আব্দুল বারীর প্রতিষ্ঠান মেসার্স আব্দুল বারীকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মো. আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকল প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বাজারে মূল্যতালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন। অভিযানের সময় আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা অফিস