চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিশেষ অভিযানে ১৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় চুয়াডাঙ্গা-৬ বিজিবি, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।
এসময় সরোজগঞ্জ বাজারের মো. জাহাঙ্গীর আলমের দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিষ মোমতাজ, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান চৌধুরীসহ পুলিশের একটি চৌকস টিম। জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক