‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় গতকাল সোমবার বেলা ১১টায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ৭ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এ কর্মসূচি পরিবেশ রক্ষায় সবাইকে অনুপ্রাণিত করবে। শুধু গাছ লাগানো নয়, পরবর্তী পরিচর্যাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মাধ্যমে এ উদ্যোগ সফল হবে বলে আমি বিশ্বাস করি।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক রাজীব হাসান কচি। সঞ্চালনা করেন ক্লাবের উপদেষ্টা ড. মুন্সী আবু সাইফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকারী, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দীন, বাংলালিংকের সিনিয়র জোনাল ম্যানেজার কাজী নাফিজ হক সেতু, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫৫০ শিক্ষার্থী এবং ২২ জন শিক্ষক-কর্মচারীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক