গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা একটা পর্যন্ত বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রহমান ও প্রধান শিক্ষক রুহুল আমিন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শুধু শিক্ষার জন্য নয়, সমাজের মানুষের কল্যাণেও কাজ করতে চাই। এই আয়োজন তারই অংশ।’ এ ক্যাম্প আয়োজন করে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা হেলথ এইড মেডিক্যাল সেন্টার। চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. আবু এহসান মো. ওয়াহেদ, বাতজ্বর ও হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন জেসি, চর্ম, যৌন, অ্যালার্জি ও কসমেটিকস ডার্মাটোসার্জন ডা. মকবুল হাসান উজ্জ্বল এবং কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মুনির হাসান শান্ত।
চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী ইউসুফ ড্রাইভার বলেন, ‘ফ্রি চিকিৎসা পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এটি বড় সহায়তা।’ আরেকজন রোগী মিতা বলেন, ‘আমাদের কথা ভেবে এ ধরনের ক্যাম্প আয়োজন করায় আমরা সত্যিই কৃতজ্ঞ।’ এলাকার সাধারণ মানুষ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের উদ্যোগ গরীব ও অসহায়দের জন্য আশির্বাদস্বরূপ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।’
প্রতিবেদক কুড়ুলগাছি