পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামে। নিহত যুবকের নাম জহুরুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের মসলেম উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জহুরুল ইসলামের স্ত্রী সোমিতা খাতুন স্বামীর কাছে ১০ টাকা চান। জহুরুল তাকে টাকা দিলে এ নিয়ে তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। পরবর্তীতে জহুরুলের বাবা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে গভীর রাতে নিজের ঘরের বাঁশের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী সোমিতা খাতুন স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।
সোমিতা খাতুন জানান, ‘আমি ১০ টাকা চাইলে স্বামী আমাকে দিয়েছিল। কিন্তু শাশুড়ি বিষয়টি নিয়ে ঝগড়া করেন এবং শ্বশুরও কিছু কথা বলেন। রাতে স্বামী পাশে ঘুমালেও কখন সে গলায় ফাঁস দিয়েছে টের পাইনি। সকালে উঠে দেখি সে আর নেই।’ এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
প্রতিবেদক হিজলগাড়ি