চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী শহরের এক মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোর্দ্দার, জেলা ছাত্রদলের সদস্য খালিদ খান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী এবং সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল লতিফসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- ব্যাটল হকস (মাহী), ব্ল্যাক ডেভিল (মাহফুজ), নেট বাসটার (সাদিক) এবং ব্ল্যাক হান্টার (নিশান)। দিনের প্রথম খেলায় ব্ল্যাক ডেভিল ব্যাটল হকসকে পরাজিত করে ফাইনালে ওঠে। দ্বিতীয় খেলায় নেট বাসটার জয় পায় ব্ল্যাক হান্টারের বিপক্ষে। ফাইনালে মুখোমুখি হয় ব্ল্যাক ডেভিল ও নেট বাসটার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্ল্যাক ডেভিল জয়ী হয়ে চ্যাম্পিয়নের ট্রফি জিতে নেয়।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ম্যাচ উপভোগ করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চার প্রসার ঘটাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে।’ দিনব্যাপী এই টুর্নামেন্ট প্রাণবন্ত খেলায় ও দর্শকদের উচ্ছ্বাসে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক