চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও যুবক রয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ ও গাঁজা।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে নিমতলা বিওপির সীমান্ত পিলার ৭৫/৩-এস সংলগ্ন নিমতলা গ্রামের মো. আনোয়ার হোসেনের কলা বাগানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মনির হোসেন। এছাড়া রাত ১২টা ৪০ মিনিটে যাদবপুর বিওপির সীমান্ত পিলার ৪৭/৫-এস সংলগ্ন গোপালপুর গ্রামের মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ওসমান হোসেন। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে সকাল ১০টা ২০ মিনিটে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭-আর সংলগ্ন বাঘাডাঙাগা গ্রামের মাঠ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ পুরুষ ও ৪ নারীসহ ৭ জনকে আটক করা হয়। পুরুষদের পরিচয়- খুলনার সাহাজান সরদার (৪৬), সাব্বির সরদার (১৮) ও নড়াইলের নাজির হোসেন (৪৯)। আটক নারীদের জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখায় এবং পুরুষদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অপর দিকে, দুপুর ১২টা ২০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির সীমান্ত পিলার ৬০/৭০-আর সংলগ্ন জিনজিরাপাড়া গ্রামের মাঠ থেকে ৬ জন পুরুষ আটক হয়। তারা হলেন- যশোরের হযরত আলী (২৯), তানজিদুল ইসলাম (২২), মো. ভুট্টা খান (২৬), মো. জাহিদ উল্লাহ (৩১), মো. লাদেন সাহেব (২৩), ও মো. সাঈদী সাহেব (৩১)। এছাড়া বেলা ১টা ৫ মিনিটে খোসালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন খোসালপুর গ্রামের মাঠ থেকে ৪ জন নারী আটক হয়। তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সমীকরণ প্রতিবেদক