দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে পূর্বশত্রুতা জের ধরে রাতের আধারে দেড় বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযো পাওয়া গেছে। এ ঘটনায় জাফর ইকবল মিল্টন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতের আধারে জিয়াখালির মাঠে এই ঘটনা ঘটে।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জাফর ইকবাল ওরফে মিল্টনের জিয়াখালী নামক মাঠে ১ বিঘা ১০ কাঠা জমি রয়েছে। তার ফলন্ত পেঁপে গাছ কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি কোষাঘাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিলন হোসেন, ইয়াছনবি মন্ডলের ছেলে আবুল কাসেম মন্ডল, আবুল কাশেমের ছেলে পারভেজ হোসেন, ও নবীছদ্দনের ছেলে দেলোয়ার হোসেনসহ অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
জাফর ইকবল মিল্টন বলেন, ‘প্রতিপক্ষের সঙ্গে আমাদের বিরোধ চলছে। তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। অনেক কষ্ট করে আমাদের জমিতে পেঁপে চাষ করেছিলাম। আমাদের পেঁপে গাছে ফল ভরপুর অবস্থায় ছিল। তবে তারা পরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া ও বগি দা দিয়ে আমার পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে আমার সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি আমার ক্ষতির বিচার চাই।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার এসআই রাসেদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক দামুড়হুদা