চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬১/৬-এস হতে ৪০০ গজ ভেতরে বেনীপুর গ্রামের মাঠের মেহগনি বাগান থেকে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭াটর দিকে নায়েক মো, মাহাবুর রহমানের নেতৃত্বে মনোহরপুর গ্রামের মাঠের মেহগনি বাগান থেকে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে শ্রীনাথপুর গ্রামের কুদ্দুস পার্ক এলাকা থেকে আসামিবিহীন ১০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ। একই সময়ে হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ধোপাখালী গ্রামের কবরস্থানের নিকট থেকে আসামিবিহীন ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার।
অপর দিকে, বেলা দুইটার দিকে হাবিলদার মো. ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার-৬০/৩৭-আর থেকে ১৫০ গজ ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মাঠে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে তিন বাংলাদেশি নারীকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
সমীকরণ প্রতিবেদক