জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে দামুড়হুদা উপজেলার তিন প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত দামুড়হুদা থানা রোড ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়।
অভিযানে অননুমোদিত শিশু খাদ্য বিক্রি, বীজের প্যাকেটে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স মোমিন স্টোরকে ৫ হাজার, মেসার্স ইসলাম বীজ ভান্ডারকে ২০ হাজার এবং মেসার্স আসিফ বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা হালনাগাদ করা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য-ঔষধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা