চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার (১০-১২ আগস্ট) পর্যন্ত দর্শনা, বারাদী, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর এবং ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে বিজিবির টহল দল মাদক ও চোরাচালানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১০ লাখ ৮৮ হাজার ৭১০ টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো- ৫৯ বোতল ভারতীয় মদ, ১৫ গ্রাম ভারতীয় হেরোইন, ৫৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৭ পিস ভারতীয় শাড়ি, ৮৯৮ পিস বিভিন্ন প্রকার সিটি গোল্ডের আইটেম, ১৮৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, খাদ্যসামগ্রী ছাড়াও অন্যান্য চোরাচালান পণ্য। চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির এ ধরনের অভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয় বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব রূপ। সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদন