পরিবেশ সচেতনতা ও শহরের পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চুয়াডাঙ্গা জেলা শাখা ‘পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা-১’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের আওতায় শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
গতকাল সোমবার বিকেল পাঁচটায় ডাস্টবিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যেসব স্থানে ডাস্টবিন বসানো হয়েছে সেগুলো হলো- চুয়াডাঙ্গা বড় বাজারের পুলিশ বক্সের পাশে, সোনালী ব্যাংকের পাশে, একটি গার্লস স্কুলে, ফেরিঘাট রোডে, ভি জে স্কুলে এবং চুয়াডাঙ্গা সদর থানার নতুন গেটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি চুয়াডাঙ্গার সভাপতি মো. ফাহিম উদ্দীন মভিন, সাধারণ সম্পাদক সুমন সরদার, কোষাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম আকাশ, সাবেক সভাপতি মুশফিকুর রহমান এবং সংগঠনের সদস্য অনিক, শাহাদ, শাহরুখসহ আরও অনেকে।
সংগঠনের সভাপতি ফাহিম উদ্দীন মভিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন শহর মানেই সুস্থ শহর। এই ডাস্টবিন স্থাপন শুধু একটি পদক্ষেপ নয়, বরং এটি নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি প্রচেষ্টা।’ সাধারণ সম্পাদক সুমন সরদার মন্তব্য করেন, ‘পরিবেশ রক্ষায় শুধু সরকারের ওপর নির্ভর করে থাকলে চলবে না। আমাদের সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা হোক একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর।’
সাবেক সভাপতি মুশফিকুর রহমান বলেন, ‘ভিবিডির লক্ষ্য সবসময়ই সমাজ উন্নয়নের দিকে। এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।’ স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানান, শহরে ডাস্টবিনের অভাব ছিল দীর্ঘদিনের সমস্যা, যা এখন অনেকটাই লাঘব হবে।
নিজস্ব প্রতিবেদক