জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে সদর উপজেলার দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ অভিযান চালান।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, সার ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়। এসময় মূল্য-তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় মেসার্স রফিকুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. সেলিম উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশি¬ষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
প্রতিবেদক হিজলগাড়ি