বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আ.লীগ নেতার গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৮৩১ বস্তা অবৈধ সার জব্দ, জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
৮৩১ বস্তা অবৈধ সার জব্দ, জেল-জরিমানা

কৃত্রিম সারসংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন এক আওয়ামী লীগ নেতার ভাই। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজারের শুভ এন্টারপ্রাইজ নামের একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা ৮৩১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গোডাউনের মালিক আইয়ুব জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


জানা গেছে, উমেদপুর ইউনিয়নের ভাটই বাজারের কালীতলা এলাকায় অবস্থিত গোডাউনটিতে ৫৪১ বস্তা ডিএপি ও ২৯০ বস্তা টিএসপি সার মজুদ রাখা হয়েছিল। এসব সারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকার বেশি।


শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারের অনুমোদনহীনভাবে রাখা এসব সার জব্দ করা হয়। তিনি আরও জানান, সরকারি স্টক ছাড়াই এসব সার গোপনে মজুদ করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন। তিনি সার ব্যবসায়ী আইয়ুব জোয়ার্দ্দারকে জরিমানা ও কারাদণ্ডাদেশ দেন।


এ বিষয়ে সার ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দার তার ডিলারশিপ ভাইয়ের নামে হস্তান্তর করেন এবং নিজে বিনা ভোটে এমপি নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, ডিলারশিপ হস্তান্তরের পরও সার ব্যবসা নিয়ন্ত্রণ করতেন সাবেক এমপি নায়েব আলী। তিনি বর্তমানে পলাতক।


স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে আসছে। তারা দ্রুত সংশ্লিষ্ট ডিলারশিপের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা